নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার লঞ্চঘাটে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে আটক হয়েছেন ছাত্রদল নেতা মোহাম্মদ তৌহিদুল ইসলাম নয়নসহ তিনজন। ২৫ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১১টার দিকে আসলপাড়া লঞ্চঘাট এলাকায় কোস্ট গার্ডের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক তৌহিদুল ইসলাম আলেকজান্ডার আসম আবদুর রব সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এবং চরপোড়াগাছা ইউনিয়নের তাহের বাজার এলাকার আইয়ুব আলী মাঝির ছেলে। সঙ্গে থাকা অপর দুই যুবক হলেন আসলপাড়া এলাকার মোছলেহ উদ্দিনের ছেলে আহাদ এবং পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের আলাউদ্দীনের ছেলে ইকবাল হোসেন।
কোস্ট গার্ড জানায়, রাজনৈতিক প্রভাব দেখিয়ে লঞ্চঘাট এলাকায় চাঁদা তোলার খবর পেয়ে তারা অভিযান চালায়। এ সময় তৌহিদুল ইসলামের কাছ থেকে রশিদের একটি বই উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে চাঁদা তোলার কথা স্বীকার করেছে। তবে লঞ্চঘাট ইজারার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
রামগতি উপজেলা কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সফিকুল ইসলাম জানান, তৌহিদুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছিল। মঙ্গলবার সকালে তাকে রশিদসহ হাতেনাতে আটক করা হয়। পরে তাকে এবং তার দুই সঙ্গীকে থানায় হস্তান্তর করা হয়েছে।
রামগতি থানার ওসি মোহাম্মদ কবির হোসেন বলেন, কোস্ট গার্ডের পক্ষ থেকে তৌহিদুলসহ তিনজনকে আসামি করে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।