লক্ষ্মীপুরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় আবুল বাশার ওরফে বসু কোম্পানি নামে এক ইটভাটা মালিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এসময় তার সঙ্গে থাকা মান্দারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মাহমুদকে পিস্তল ঠেকানো হয়।
স্থানীয় ‘বাহিনী প্রধান’ হিসেবে পরিচিত বাহার উদ্দিন ঘটনাটি ঘটিয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার মান্দারী পূর্ব বাজার এলাকায় ‘বিকেবি’ নামক ইটভাটায় এ ঘটনা ঘটে।
আহত বসু কোম্পানি বিকেবি ব্রিকস ও ঠিকাদারী প্রতিষ্ঠান বাশার ট্রেডার্সের স্বত্বাধিকারী। তিনি মান্দারী বাজার এলাকার বাসিন্দা।
অভিযুক্ত বাহার মান্দারী ইউনিয়নের মটবি গ্রামের বাসিন্দা ও যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে তার রাজনৈতিক পদ-পদবি জানা যায়নি।
ভুক্তভোগীরা জানায়, মান্দারীর মটবি এলাকায় এলজিইডির প্রায় এক কোটি টাকা বরাদ্দে একটি রাস্তা সংস্কারের কাজ করছেন বসু কোম্পানি। ওই কাজ নিয়েই বাহার তার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু বসু কোম্পানি ওই টাকা দিতে রাজি হননি। চাঁদার টাকা না দেওয়ায় বাহার তার অনুসারীদের নিয়ে বসু কোম্পানির ইটভাটায় যান।
সেখানে বসুর মাথায় রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন। এসময় বাহার ঘটনাস্থলে থাকা বিএনপি নেতা রিয়াজকে পিস্তল ঠেকিয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে তারা চলে যায়। আহত বসু কোম্পানিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আবুল বাশার বসু কোম্পানির ছেলে ইসমাইল খান সুজন জানান, রাস্তার কাজের জন্য চাঁদা চেয়েছে বাহার। ওই টাকা না দেওয়ায় ইট ভাটায় ঢুকে হত্যার উদ্দেশ্যে তার বাবার ওপর হামলা করা হয়েছে।
মান্দারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াদ উদ্দিন মাহমুদ বলেন, বাহার চাঁদাবাজ, ইয়াবা ব্যবসায়ী। সে মূলত আমাকে মারতে আসছে এবং আমাকে পিস্তল ঠেকিয়েছে। আমার সামনে আবুল বাসার বসু কোম্পানিকে মারধর করেছে। এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে, তারা ব্যবস্থা নেবে।
এ ব্যাপারে বক্তব্য জানতে বাহার উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, আহত ব্যক্তির মাথায় গুরুতর জখম হয়েছে। তাকে ভর্তি রেখে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


